বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৩:৪৭ পিএম
বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

শীতের আমেজ কাটতে না কাটতেই বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল এবং দুপুরে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। দীর্ঘ বিরতির পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও পথচারীদের অনেককে কিছুটা বিপাকে পড়তে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ছাড়াও দেশের আরও চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে তারা উল্লেখ করেন। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংস্থাটি আরও জানায়, আগামীকাল মঙ্গলবারও (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার হতে পারে। এর আগে গত নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজধানীতে দীর্ঘ সময় বৃষ্টির দেখা মেলেনি। গত সপ্তাহে উপকূলীয় জেলা সাতক্ষীরা ও বরিশালে বৃষ্টি হলেও আজই প্রথম ঢাকার আকাশ সিক্ত হলো।

আবহাওয়াবিদদের মতে, এই বসন্তকালীন বৃষ্টি কৃষির জন্য উপকারী হতে পারে, তবে বজ্রপাতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জেএইচআর