এলজিইডি-ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:৩০ পিএম
এলজিইডি-ক্রিলিকের নলেজ ম্যানেজমেন্ট ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’ (ক্রিম্প) এর আওতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (ক্রিলিক) আয়োজিত নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আজহারুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ক্রিলিকের এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমটি এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে প্রকৌশলী ও গবেষকগণ অতি দ্রুত কারিগরি জ্ঞান আদান-প্রদান করতে পারবেন, যা ভবিষ্যতে টেকসই ও জলবায়ুসহিষ্ণু অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের প্রতিনিধিরা সিস্টেমটির লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন। ইনসেপশন কর্মশালায় অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত গ্রহণের মাধ্যমে এই সিস্টেমটিকে আরও কার্যকর ও টেকসই হিসেবে গড়ে তোলাই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য। 

অনুষ্ঠানে এলজিইডির উচ্চপদস্থ প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ক্রিম্প-ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি।

জেএইচআর