অর্ধশতাধিক দেশের অংশগ্রহণে ডিআইইউতে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

আবুল খায়ের, ডিআইইউ প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:২৪ পিএম
অর্ধশতাধিক দেশের অংশগ্রহণে ডিআইইউতে আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি ও স্মার্ট প্রযুক্তির ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এসটিসি মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস (ইসিসিটি) ২০২৬’-এর উদ্বোধন করা হয়।

৭ ও ৮ মে ব্যাপী এই আয়োজনে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই অংশ নিচ্ছেন বিশ্বের ৫০টিরও বেশি দেশের গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা। আয়োজক সূত্র জানায়, সম্মেলনের জন্য মোট ৭১৩টি গবেষণাপত্র জমা পড়েছিল। কঠোর যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২৫২টি গবেষণাপত্র গ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। গৃহীত গবেষণাপত্রগুলো আন্তর্জাতিক প্রকাশনা প্ল্যাটফর্ম অ্যাটলান্টিস প্রেস (স্প্রিঙ্গার), টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ এবং স্কোপাস ইনডেক্সড প্রকাশনায় প্রকাশিত হবে।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), এআই-চালিত স্বাস্থ্যসেবা, সাইবার সিকিউরিটি, স্মার্ট আইওটি, নবায়নযোগ্য জ্বালানি, এগ্রিটেক এবং এনভায়রনমেন্টাল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির আধুনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ৩৩টি কারিগরি অধিবেশন, ৭টি মূল প্রবন্ধ উপস্থাপন এবং ২টি আমন্ত্রিত বক্তৃতা। দেশ-বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা এসব অধিবেশনে তাদের উদ্ভাবনী ধারণা তুলে ধরছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. সোহেল রহমান বলেন, "প্রযুক্তির অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের বাস্তব উন্নয়নে কাজে লাগবে।" তিনি শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নেওয়ার এবং দায়িত্বশীলভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ড. এম. শামীম কায়সার, অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং অধ্যাপক ড. মো. আব্দুল বাসেদ।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগ, ইইই বিভাগ, সেন্টার ফর ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। আগামী ৮ মে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ববী হাজ্জাজ।

জেএইচআর