রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষর রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন