বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শুভর ঝুলন্ত লাশ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১২:৩১ এএম
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শুভর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর গোপীবীগের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসা থেকে তীব্র পচা গন্ধ বের হতে দেখে আশপাশের প্রতিবেশীদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সিলিংয়ের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। লাশটি ইতিমধ্যেই পচে যেতে শুরু করেছিল।

ঘটনার কারণ অনুসন্ধান এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেএইচআর