ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, গত কয়েকটি ঈদে নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সিটি করপোরেশন আগের সব রেকর্ড ছাড়িয়ে কাজ করেছে। তবে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার সকালে ধানমন্ডি লেকসংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত ডিএসসিসির গণশুনানিতে তিনি এসব কথা বলেন। নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কারণ যেকোনো সময় বর্জ্য ফেলা হলে তা দ্রুত অপসারণ করা সম্ভব হয় না। জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালিত হবে এবং সাধারণ মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ধানমন্ডি লেক ও আশপাশের পরিবেশ সংরক্ষণে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও সহযোগিতা পাওয়া যাচ্ছে। তবে লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আবদুস সালাম বলেন, ধানমন্ডি লেককে একটি উন্মুক্ত ও সাংস্কৃতিক পরিবেশসমৃদ্ধ স্থান হিসেবে সংরক্ষণ করতে হবে, যেখানে মানুষ অবাধে হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ পাবে। সীমিত পরিসরে কিছু সুযোগ-সুবিধা রাখা যেতে পারে, তবে পুরো এলাকাকে বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা যাবে না।
তিনি আরও বলেন, ধানমন্ডিকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলার মাঠ, উন্মুক্ত স্থান এবং জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এলাকার পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করার পরিকল্পনা রয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেটকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। এ লক্ষ্যে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, অনেক স্থানে হকারদের কারণে ফুটপাত ও সড়ক দখল হয়ে যাচ্ছে। পাশাপাশি ময়লা-আবর্জনার কারণে পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিয়মিত কর ও সেবামূল্য পরিশোধ করলেও অনেক ক্ষেত্রে হকাররা সেই সুবিধা ভোগ করছেন, কিন্তু পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমান দায়িত্ব পালন করছেন না।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন