গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন সেতু নম্বর-৭-এর পাশে থাকা বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালুর চেষ্টা করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন