রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাংলাবাজার এলাকা থেকে আশুরার তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি বি কে দাস রোড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মিছিলে থাকা ওই যুবককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে, সেখানে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। কয়েকজন যুবক তাঁকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে ফেলে এবং একটি নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিল বা ধর্মীয় বিষয়ের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জেরে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন