ডিএসসিসি প্রশাসক

বর্জ্য অপসারণে অতিরিক্ত টাকা নিলে ঠিকাদারদের টেন্ডার বাতিল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০১:৪৬ পিএম
বর্জ্য অপসারণে অতিরিক্ত টাকা নিলে ঠিকাদারদের টেন্ডার বাতিল

বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের চাহিদা পূরণে বেশি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে প্রত্যেককে নিজের বাসা ও প্রতিষ্ঠানের সামনের রাস্তা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অনেক মার্কেট থেকে নির্ধারিত স্থানের পরিবর্তে সড়কের মাঝখানে বর্জ্য ফেলে রাখা হয়। এ কারণে ব্যবসায়ীদের নির্দিষ্ট বিনে এবং নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।

হকারদের উদ্দেশেও তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় হকাররা ব্যবসা করলেও অনেকেই নিজেদের সৃষ্ট বর্জ্য পরিষ্কার করেন না। তাদেরও নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে।

মো. আবদুস সালাম জানান, বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না হওয়ার পাশাপাশি কোথাও কোথাও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, যারা এ ধরনের অনিয়ম করবে, ভবিষ্যতে তাদের কোনো টেন্ডার দেওয়া হবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন ধরনের ওষুধ ও ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। যেসব স্থানে সরাসরি পৌঁছানো সম্ভব নয়, সেখানে এসব ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

এম জি