রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ভবঘুরে, ভিক্ষুক এবং মাদকাসক্তদের উপস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা-পুলিশ। অভিযানে মোট ৮২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার পরিচালিত এ অভিযানে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রধান প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু। এছাড়া অন্যান্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর থানা-পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের কোনোভাবেই সেখানে অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে অভিযানে আটক হওয়া শিশুদের বিষয়ে পৃথক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা’র মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন