মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৪:১৩ পিএম
মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বাসায় ফেরার পথে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।

মারাত্মক জখম ওই পুলিশ কর্মকর্তার পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে এবং তাঁর পুরো পিঠজুড়েই গভীর ক্ষত তৈরি হয়েছে। আহত কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তাঁর পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাকে আটক করতে পারেননি। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

শুক্রবার বিকেলে পুলিশ কর্মকর্তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে তিনি আরও জানান, গত বুধবার সকাল পৌনে ৯টার দিকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করে বাসার গেটের সামনে পাসপোর্টের বিষয়ে কথা বলে। ধারণা করা হচ্ছে, সেই সূত্র ধরেই কেউ এই হামলা চালিয়ে থাকতে পারে।

জেএইচআর