রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গুলিবিদ্ধ মো. করিম (১৮) মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদি আমতলা এলাকাতেই বসবাস করেন। রাতে দোকান থেকে মশার কয়েল আনার জন্য তিনি ছেলেকে বাইরে পাঠিয়েছিলেন। করিম কয়েল কিনে ফেরার পথে তুহিন নামের এক বন্ধুর সাথে গলির মুখে কিছুক্ষণ আড্ডা দেয়। এরপর বাড়ি ফেরার সময় আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামের একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে করিমের দুই পায়েই গুলি লাগে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে করিমের ডান পা থেকে একটি গুলি বের করেছেন। অন্য গুলিটি বাম পা ভেদ করে বেরিয়ে গেছে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন