আল কুরআন চর্চা একাডেমীর কার্যক্রম সম্প্রসারণে ঢাকায় বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:২৬ পিএম
আল কুরআন চর্চা একাডেমীর কার্যক্রম সম্প্রসারণে ঢাকায় বিশেষ সভা

কার্যক্রম সম্প্রসারণকে কেন্দ্র করে ঢাকায় আল কুরআন চর্চা একাডেমীর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রামপুরে বিটিভি ভবন সংলগ্ন ইউরোপা টাওয়ারের মিলনায়তনে আল কুরআন চর্চা একাডেমী, গোপালগঞ্জের উদ্যোগে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আল কুরআন চর্চা একাডেমীর চেয়ারম্যান অধ্যক্ষ হুমাউন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ রেজাউল করিম। অনুষ্ঠানে দরসে কুরআন পেশ করেন শায়খুল হাদিস মুফতি কাউসার আহমাদ।

উদ্বোধনী বক্তব্যে একাডেমীর প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ বাকের মোল্লা জানান, ২০১৯ সালে গোপালগঞ্জ কোর্ট মসজিদে উপস্থিত হয়ে কুরআন চর্চায় আগ্রহী কতিপয় মুসল্লির উদ্যোগে আল কুরআন চর্চা একাডেমীর যাত্রা শুরু হয়।

তিনি বলেন, বর্তমানে একাডেমীর উদ্যোগে গোপালগঞ্জ শহর ও শহরতলি এলাকার প্রায় ৩০টি মসজিদে সহিহ-শুদ্ধভাবে কুরআন প্রশিক্ষণ, দরসে কুরআন, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, উৎসাহী ব্যক্তিদের মাধ্যমে একাডেমীর কর্মকাণ্ড রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশে বিস্তৃত করা হবে, ইনশাআল্লাহ।

সভায় গোপালগঞ্জ থেকে আগত এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য দেন ও অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন আল কুরআন চর্চা একাডেমীর মহাসচিব শেখ বাবুল হোসেন, সাইফুল ইসলাম চৌধুরী, কলেজ শিক্ষক মো. শরিফুল ইসলাম, মো. সাইফুর রহমান, এবিএম আরিফুর রহমান, আফরাজ বিন আরিফ, শাহরাজ বিন আরিফ, সাহিদুল ইসলাম পিকুল, শেখ মো. রইসুজ্জামান (রইস), আকবর আবির, খন্দকার নুরুল হাসান (হুমাউন), মো. দুলাল খান, এস. ডব্লিউ. সগীর (পান্না), আজগার আলী, খাইরুল আমিন, মো. শহীদুজ্জামান, শরীফ নাসিরুজ্জামান, আলম শিকদার, মো. সিরাজুল হক প্রমুখ।

আফরাজ বিন আরিফের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মুফতি কাউসার আহমাদের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এএন