ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাপের কামড়ে দীলিপ কুমার রায় (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) রাত সাড়ে ১২টার সময় ভেদাইল গ্রামের নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে।
নিহত দীলিপ উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ধামের হাট নামক ভেদাইল গ্রামের মৃত ভোগী রামের ছেলে ও আরজিপি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক চন্দ্র কান্ত রায়ের ভাতিজা এবং সে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে আসে দীলিপ। প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যায় সে। পরে রাত বারোটার সময় বিছানায় বসে থাকা অবস্থায় একটি বিষধর সাপ এসে তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে কামড় দেয়।
পরে দীলিপের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কবিরাজের কাছে ঝারফুক করে। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিন বিকালে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।
উপজেলার ৭ নং রাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শরৎচন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন