গত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি: মেয়র আবুল খায়ের

বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৯:৩৪ পিএম
গত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি: মেয়র আবুল খায়ের

বরিশাল সিটি করপোরেশনের নবনবর্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বলেছেন, গত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। এটা পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। সিটি কপোরেশনে সচিব, সিও, ম্যাজিষ্ট্রেট নেই। এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নগরীর কালুশাহ সড়কের বাসভবনে রোববার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত মেয়র খোকন আরও বলেন, নগরীকে জনতার প্রত্যাশা অনুযায়ী সাজাতে চাই। বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

বরিশালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নবনির্বাচিত মেয়র বলেন, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে। এছাড়া বরিশালের দুটি বাস টার্মিনালের উন্নয়নে দ্রুত প্রজেক্ট পাঠানো হবে বলে জানান তিনি।

এ জন্য তিনি বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগিতা এবং দায়িত্বশীল আচারণ কামনা করেছেন। 

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কাজী মিরাজ মাহমুদ, ফেরদাউস সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি কপোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন। এই উপলক্ষ্যে বরিশালে চলছে সাজসাজ রব।

এআরএস