টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত ড্রামট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার রাত ১০টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালী পাড়ার সুশান্ত বাকালী (৩৫) ও অটোরিকশা চালক উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের উজ্জ্বল মিয়া (৩৫)।
আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় অজ্ঞাত একটি ড্রামট্রাক যাত্রী বোঝাই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আনিসুজ্জামান জানান, অজ্ঞাত ড্রামট্রাকের চাপায় ২ জন মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন ৩জন। ঘাতক ড্রামটাকটি আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন