মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চেয়ারম্যানের পরিদর্শনে

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৩:৪৭ পিএম
মোগলহাট স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চেয়ারম্যানের পরিদর্শনে

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বন্দরটি চালুর সম্ভাবনা ও প্রয়োজনীয়তা যাচাই করতেই তিনি পরিদর্শনে এসেছেন।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, মোগলহাট স্থলবন্দর চালুর জন্য সরকার আগ্রহ প্রকাশ করেছে। স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুও বন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিতে চান। এ বিষয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্দরের জমি ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বন্দরের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং পুনরায় চালুর ক্ষেত্রে করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন