মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) বলেছেন, আমাদের ছাত্রদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। পড়াশোনার মাধ্যমে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। বিদ্যালয়ে যা যা প্রয়োজন আছে, পর্যায়ক্রমে পূরণ করার অঙ্গীকার করেন তিনি।
শুক্রবার গাজীপুরে কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নে ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা অ্যাকাডেমিক ভবন এবং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ রোধে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে। আজকাল মেয়েদের সাথে ছেলেদেরও কম বয়সে বিয়ে হচ্ছে যা আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিসহ শিশু-কিশোরদের মনোজাগতিক উন্নয়ন মেধার বিকাশ সাধনে কাজ করে যাচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী সকলের একযোগে প্রচেষ্টার মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ এর পথ উন্মোচন করতে কাজ করার আহ্বান জানান।
একইদিন সকালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপাসিয়া কর্তৃক ফল মেলা উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ ঢেউটিন ও নগদ চেক বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন