নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে কালামিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। তারা তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সুধারাম থানার সেকেন্ড অফিসার (এসআই) শ্রীবাস চন্দ্র দাস জানান, নিহত কামরুল বেকার ছিলেন এবং বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহের পাশে ইঁদুর মারার বিষের বোতল পাওয়া গেছে, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন