হুইপ দুলু

কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে তারেক রহমানের সরকার

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ১০:০২ পিএম
কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে তারেক রহমানের সরকার

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, কৃষির সমৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সেচব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি ঋণ, প্রণোদনা ও অন্যান্য সরকারি সুবিধা সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে এবং সারা দেশে কৃষকদের মধ্যে তা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের উন্নয়ন নিশ্চিত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। প্রণোদনার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ প্রকৃত কৃষকদের কাছেই পৌঁছে দেওয়া হবে। অতীতের মতো কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান এবং জেলা কৃষকদলের আহ্বায়ক হাসান আলী।

এর আগে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও প্রণোদনা বিতরণ করা হয়।

পরে বিকেলে নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকায় এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু মহাবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুইপ দুলু।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কাজী রিয়াজুল হক মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার এবং জেলা যুবদলের সভাপতি এ. এইচ. আই. তালুকদার ডালিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এম জি