খোকসায় জোড়া খুন: গ্রাম পুলিশসহ আটক ২, তদন্তে পুলিশ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:২৩ পিএম
খোকসায় জোড়া খুন: গ্রাম পুলিশসহ আটক ২, তদন্তে পুলিশ

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এক গ্রাম পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক শেখ ও আব্দুল শেখ। এ ঘটনায় আতি শেখ ও মল্লিক মণ্ডল নামে আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক গ্রাম পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে হত্যার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান পরিচালনা করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এম জি