‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যে রাঙামাটিতে উদযাপিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫।
শনিবার (৩১ মে) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন— জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা স্কাউট কমিশনার মো. নুরুল আবছার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকরা।
আলোচনায় বক্তারা বলেন, ‘তামাক ব্যবহার শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্রকেও বহুমাত্রিক ক্ষতির দিকে ঠেলে দেয়। তরুণদের রক্ষা করতে হলে এখনই কার্যকর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।’
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তামাকবিরোধী সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় কর্মসূচি অব্যাহত থাকবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন