জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আলোচনায় আরেক নেত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৪:৫৭ পিএম
জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আলোচনায় আরেক নেত্রী

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া ব্যাখ্যার সঙ্গে নতুন কিছু ভিডিওর তথ্যের অমিল পাওয়া গেছে।

নতুন কয়েকটি ভিডিওতে দেখা গেছে, তিনি নীলা নামের এক নারীর বাসায় মরিয়ম বেগম নামের ওই তরুণীকে নিয়ে গিয়েছিলেন। যদিও গাজী নজরুল ইসলাম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মরিময়কে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন এবং জানিয়েছেন, দ্বিতীয় শ্বশুরের অফিসে ভিডিওটি তাঁরই গাড়িচালক ও মরিয়মের মামা গোপনে ধারণ করেছেন।

তবে নতুন ভিডিওগুলোতে পরিস্থিতি ভিন্ন দেখা গেছে। সেখানে কিছু যুবককে বলতে শোনা যায়, এটি নীলার বাসা, যিনি আগে আওয়ামী লীগ করতেন এবং এখন অনৈতিক কাজের জন্য বাসা ভাড়া দেন। ওই যুবকেরা জামায়াত নেতাকে জেরা করে জানতে চান, তিনি এর আগে কতবার এই বাসায় এসেছেন।

এ সময় ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, "আমাদের ছেড়ে দেন, আমরা অন্যায় করেছি।" তবে তাঁর পাশে থাকা তরুণী মরিয়ম বেগম বেশ স্থির ছিলেন এবং যুবকদের সাথে চড়া সুরে কথা বলছিলেন।

ভিডিওতে উঠে আসা নীলা নামের ওই নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে ভিডিওর কথোপকথন এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, এটি ঢাকার কোনো একটি এলাকার ঘটনা।

জেএইচআর