বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের জন্য অনুষ্ঠিত দশ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে শুরু হওয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন, বিভিএম।
সভাপতিত্ব করেন খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম।

এছাড়া খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন, সহ উপজেলা প্রশিক্ষক ও ইউনিয়ন দলনেতা-দলনেত্রী প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমমার হোসেন বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তিশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তারা বাহিনীর মহাপরিচালককে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এই সুন্দর প্রশিক্ষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন