কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক হলেন ফরিদগঞ্জের তারেকুর রহমান তারেক

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)  প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:২৭ পিএম
কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক হলেন ফরিদগঞ্জের তারেকুর রহমান তারেক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সহ-প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান তারেকুর রহমান তারেক।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তারেকুর রহমান তারেক ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের (মসজিদ বাড়ি) বাসিন্দা। তিনি প্রয়াত আবদুল মতিনের পুত্র। তার পিতা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ছিলেন। ব্যক্তিজীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে নিজেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে তিনি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন।

দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে তারেকুর রহমান তারেকের এই পদপ্রাপ্তির খবর ফরিদগঞ্জে পৌঁছানোর পর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে নানা পোস্ট ও বার্তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এম জি