সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় নীলফামারী জেলা ও সৈয়দপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শুক্রবার (২৮ জুন) দুপুরে জেলার বিভিন্ন মন্দির থেকে রথ টেনে নিয়ে যান ভক্তরা। উৎসবে নারীদের উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখরিত হয় পুরো এলাকা।
শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছরের মতো এবারও শেরে বাংলা সড়কের শ্রী শ্রী বিষ্ণুমন্দির থেকে রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস—জগন্নাথদেব হলেন জগতের নাথ, তাঁর কৃপায় জীবের মোক্ষ লাভ হয়। সেই বিশ্বাস থেকেই রথে ত্রিমূর্তি—জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা স্থাপন করে ভক্তরা রশি টেনে রথ চালনা করেন।
নীলফামারী সেনা ক্যাম্পের লেফট্যানেন্ট জাছের বলেন, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।
দুপুর ১২টায় মন্দিরে বিশেষ পূজা শেষে শুরু হয় রথযাত্রা। রথযাত্রায় অংশ নেয় নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী ভক্তবৃন্দ। ধর্মীয় রীতিনীতির সঙ্গে চলে গান, ঢাক-ঢোল, কীর্তন আর উলুধ্বনি।
নীলফামারী জেলা রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি লক্ষপ্রাণ দাসাধিকারী বলেন, রথ আজ কেন্দ্রীয় মন্দিরে স্থাপন করা হয়েছে। সেখানে ৯ দিন অবস্থানের পর আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। সেই দিন উৎসবের পর্দা নামবে।
সৈয়দপুরে রথযাত্রা আয়োজনের নেতৃত্বে ছিলেন সুমিত কুমার আগরওয়ালা নিক্কি। তিনিও জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন