রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘কাপ্তাই হ্রদ পানি সরবরাহ প্রকল্পে’ অনিয়ম, নিম্নমানের কাজ ও কার্যাদেশ লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের সময় নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া দুদক কর্মকর্তাদের সামনে বিভিন্ন নথিপত্র উপস্থাপন করেন এবং টেন্ডার প্রক্রিয়া ও প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রশ্নের জবাব দেন। এ সময় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ফাইল ও অনুমোদিত নথির কপি সংগ্রহ করে দুদক টিম।
অভিযান শেষে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম সাংবাদিকদের জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাপ্ত তথ্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ অভিযানে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, সওয়ার হোসেন, বোরহান উদ্দিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন