জামালপুর সদর উপজেলার তিতপল্লা ও মেস্টা ইউনিয়নের অপরিকল্পিত বাঁধের কারণে বছরের পর বছর অনাবাদি রয়েছে প্রায় ৩০০০ একর জমি। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি।
এ সমস্যা তুলে ধরতে সোমবার দুপুরে ভুক্তভোগীরা এলাকার জালিয়ারপাড় মোড় এলাকায় মানববন্ধন করেছেন।
স্থানীয়রা জানান, তিতপল্লা ইউনিয়নের দিঘা বিলের পানি মেস্টা ইউনিয়নের জালিয়ারপাড়, সাপলেঞ্জা ও সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বালুকা ব্রিজ দিয়ে আখড়া বিলে নেমে যেত। কিন্তু গত কয়েক বছরে এলাকায় মাছ চাষসহ বিভিন্ন কারণে বাঁধ নির্মাণ ও খাল ভরাটের কারণে পানি বের হতে পারছে না। এতে প্রায় ৩০০০ একর কৃষি জমি অনাবাদি অবস্থায় রয়েছে।
কৃষক মাসুদুর রহমান বলেন, “কিছু ব্যক্তি জমি লিজ নিয়ে মাছের খামার ও বাঁধ নির্মাণ করেছে। এতে বিলের পানি বের হতে পারছে না এবং ৩০০০ একর জমি অনাবাদি রয়েছে। গত ১২ বছর ধরে প্রশাসনের কাছে আমরা এই সমস্যার সমাধান চেয়ে আবেদন করছি। স্থানীয় এমপিরা আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ হয়নি।”
সোমবারের মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয়রা অপরিকল্পিত বাঁধ নির্মাণকারীদের বিচারের দাবি জানান। মানববন্ধনের সভাপতিত্ব করেন মাহবুবুর রহমান। বক্তারা ছিলেন— তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ, মেস্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তারুজ্জমান মাসুদ, ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু, হাফিজুর রহমান ও জালাল।
ভুক্তভোগীরা জানান, জালিয়ারপাড় খাল ভরাটের কারণে বালুয়াটা, ডেফুলীবাড়ি, বুখুঞ্জা, দেউলিয়াবাড়ি, জালিয়ারপাড়, সাপলেঞ্জা ও কলতাপাড়া সহ ১২টি গ্রামের কৃষকের জমি সামান্য বৃষ্টিতেও পানির নিচে ডুবে যায়। পূর্বে উপজেলা প্রশাসন খাল খননের পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তা স্থায়ী সমাধান আনতে পারেনি। চলতি ২০২৫ সালের আগস্ট মাসে পুনরায় পানি নিষ্কাশনের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, “বিষয়টি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।”
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি জানান, “জলাবদ্ধতা সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন