রাঙামাটিতে প্রথমবারের মতো গুর্খা সম্প্রদায়ের তিজ উৎসব উদযাপন

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:৫৮ পিএম
রাঙামাটিতে প্রথমবারের মতো গুর্খা সম্প্রদায়ের তিজ উৎসব উদযাপন

রাঙামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায় প্রথমবারের মতো আয়োজন করেছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান তিজ উৎসব।

উৎসব মূলত গুর্খা সম্প্রদায়ের বিবাহিত মহিলাদের জন্য। তারা নিজেদের স্বামীর মঙ্গল কামনা করে উপবাস পালন করেন এবং প্রদীপ জ্বালিয়ে শিব ও পার্বতীর পূজা করেন, যাতে স্বামীর দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি নিশ্চিত হয়।

সোমবার সকালে রাঙামাটি জেলা রোডস্থ সুর নিকেতন সংগীত শিক্ষালয়ে মিলনায়তনে এই উৎসব উদযাপন করা হয়। 

আয়োজন করেন সুর নিকেতন সংগীত শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মনোজ বাহাদুর গুর্খা। অনুষ্ঠানে উপস্থিত গুর্খা সম্প্রদায়ের মানুষদের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উৎসবকালীন কর্মসূচিতে মহিলারা দলবেঁধে ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন। এরপর তারা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত করে একে অপরের সঙ্গে ভাগ করে খাওয়াদাওয়া করেন। মহিলারা লাল শাড়ি পরেন, মেহেদি লাগান এবং নানা ধরনের অলংকার পরে উৎসব উদযাপন করেন। এই অনুষ্ঠানটি মহিলাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক বলে মনে করা হয়।

সাধারণত, গুর্খা সম্প্রদায়ের তিজ উৎসবে মহিলারা তাদের বাবার বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপন করেন।

তিজ উৎসব মূলত নেপালে পালিত হয়, যেখানে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় পূজা ও উপবাস করেন। ভারতের কিছু অঞ্চলে, বিশেষ করে রাজস্থানে, একই ধরনের উৎসবকে ‘গণগৌর’ নামে ডাকা হয় এবং এটি দেবী পার্বতীর প্রতি উৎসর্গীকৃত। উৎসবটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

ইএইচ