ভারতের দুই নাগরিককে তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র প্রদান করার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জের মোস্তফা কামালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মামলাটি সোমবার বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হক মন্ডল বাদী হয়ে দায়ের করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রয়েছে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড় এলাকার মোস্তফা কামাল (৪২)।
অভিযোগ আছে, তিনি ভারতের জলপাইগুড়ির বাসিন্দা ভবেন্দ্র নাথ রায় প্রধান (৭৫) ও বজেন্দ্র নাথ রায় প্রধান (৭১)কে জাতীয় পরিচয়পত্র পাইয়ে দিতে উদ্যোগ নেন।
জানা গেছে, ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র জালিয়াতির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেবীগঞ্জের নাজমুল ইসলাম বাপ্পি সংবাদক্লিপসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিষয়টি স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে বোদা থানায় পাঠানো হয় এবং তদন্তের দায়িত্ব পান পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক মন্ডল।
অন্য আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম, ইউপি সদস্য মনছুর আলী, হিসাব সহকারী নুর ইসলাম, চৌকিদার দীনবন্ধু, জালাল হাজী (৫৫) ও মজনু (৪০)।
স্থানীয়রা অভিযোগ করেন, নোয়াখালির মিরাজ মো. তারেকুল হাসান ও নাসিরকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। স্থানীয়দের দাবি, ভারতীয় নাগরিকদের জমি নিয়ে মামলা মোকদ্দমা ও হয়রানির মূল হোতা মিরাজ।
মামলার বাদী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হক মন্ডল জানান, তদন্ত শেষে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও আসামির বিষয়ে তদন্ত কর্মকর্তা ব্যবস্থা নেবেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন