কর্ণফুলীতে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি ও পথসভা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:১৪ পিএম
কর্ণফুলীতে মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি ও পথসভা

প্রিয় রাসুলে পাক (সা.) এর আগমনী মাস পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আলোচনা সভা ও স্বাগত র‌্যালির আয়োজন করেছে কর্ণফুলী থানা গাউছিয়া কমিটি বাংলাদেশ।

শুক্রবার জুমা পরবর্তী সময়ে মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ (কমিশনার)। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব আলহাজ মুহাম্মদ মাহবুবুল হক খান।

প্রধান অতিথি বলেন, প্রশাসন নির্ধারণ করা রোডম্যাপ অনুযায়ী মন ক্ষুণ হওয়ার কিছু নেই। জামেয়া থেকে বের হওয়া জুলুস জিইসি মোড় হয়ে জামেয়াতে শেষ হলেও মূলত পুরো চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

পথসভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা নুর মুহাম্মদ কাদেরী। এতে বক্তব্য রাখেন মাওলানা সাদ্দাম হোসেন আলকাদেরী, রফিকুল ইসলাম আনোয়ারী ও মুহাম্মদ কুতুব উদ্দীন আলকাদেরী প্রমুখ।

উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা আহ্বায়ক কমিটির সদস্যরা, আওতাধীন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন বিশিষ্ট মুসল্লি।

বক্তারা বলেন, মিলাদুন্নবী ইসলামী ঐক্যের প্রতীক এবং ইসলামী ঐতিহ্যের স্মারক। হাজার বছরের পরম্পরায় বিশ্বের মুসলিম সমাজে এই ধারা চালু রয়েছে। তারা আশাবাদ প্রকাশ করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)’র মাহফিল, মিলাদ পাঠ ও শ্রবণ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ্দাম রেযা।

ইএইচ