কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৫:১৬ পিএম
কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়। 

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে উত্তর বাহারছড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী। 

তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ