বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলশহর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব বেদীতে পুষ্পস্তবক অর্পণকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির নেতৃত্বে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ।
ডা. শাহাদাত হোসেন বলেন, “১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। উনিশ দফা কর্মসূচি নিয়ে দল এগিয়ে চলে এবং পরের বছরই সংসদ নির্বাচনে জয়লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতে যেমন জনগণের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই আবারও সমাদৃত হওয়ার জন্য নেতাকর্মীদের আদর্শ রাজনৈতিক চরিত্র ধারণ করতে হবে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় আসবে।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন। ১৯৮১ সালে বিপথগামী সেনা সদস্যদের হাতে তিনি নিহত হলে বিএনপির নেতৃত্ব নেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে দল তিনবার সরকার গঠন করেছে। ২০০৭ সালের জরুরি অবস্থা ও পরবর্তী রাজনৈতিক সংকটে বিএনপি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তবুও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি।”
ডা. শাহাদাত হোসেন আরও উল্লেখ করেন, “জনগণের প্রতি প্রদত্ত অঙ্গীকার থেকে বিএনপি কখনো বিচ্যুত হয়নি। ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা থেকে শহীদ জিয়ার রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় সরকারের পুনঃপ্রবর্তন পর্যন্ত বিএনপি সব সময় গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতনের পর দলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় কর্মরত।”
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী, ইয়াসিন চৌধুরী আসু, ডা. এস এম সারোয়ার আলম, হাজী নুরুল আকতার, আলহাজ্ব জাকির হোসেন, সালাউদ্দীন কায়সার লাভু, মোহাম্মদ ইদ্রিস আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, বিএনপি নেতা হাজী নবাব খান, এস এম মফিজ উল্লাহ, আবদুল্লাহ আল ছগির, আলাউদ্দীন আলী নুর, নুরুল ইসলাম খন্দকার, সাব্বির আহমেদ, এম এ হালিম বাবলু, সাদেকুর রহমান রিপন, হাসান উসমান চৌধুরী, আবু ফয়েজ, ফিরোজ খান, আলী আজগর, জাহেদুল হক জাকু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, সালাউদ্দীন কাদের আসাদ প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন