ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৫:৪৩ পিএম
ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউএনডিপি'র আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মো. গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

কর্মশালায় আলোচনা করা হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ প্রণয়নের জন্য পরামর্শ ও করণীয় বিষয়ে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম, চলাকালীন এবং পরবর্তী সময়ে কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক কর্মশালা ও সভার আয়োজন করা হচ্ছে যাতে অঞ্চলভিত্তিক দুর্যোগের প্রভাব ও প্রতিকার সম্পর্কে ধারণা নেওয়া যায়। দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠন থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হচ্ছে, যা আমাদের কাজকে আরও কার্যকর করবে।”

সভাপতি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “এই কর্মশালার মাধ্যমে জেলা দুর্যোগ কমিটির সদস্যরা দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা এবং ধারণা পেয়েছেন। যা দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সহায়ক হবে।”

কর্মশালার সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. রেজাউল করিম। এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা দুর্যোগ কমিটির সদস্য, এনজিও কর্মী ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

ইএইচ