দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:২২ পিএম
দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে মঙ্গলবার দুপুরে উপজেলা বিজয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের আয়োজন করে উপজেলা বিএনপি।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। 

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার জন্য একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনে জেতার আশা হারিয়ে পিআর পদ্ধতির দাবি তুলছে। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন নির্বাচনকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।”

ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করেন, “দলের ভেতরের কিছু ব্যক্তি ইয়ানতের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলছে। এমনকি জান্নাতের টিকেট দেওয়ার মতো অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।” তিনি আরও বলেন, “নিল নদের পানি যেমন নিল নয়, তেমনি জামায়াতে ইসলামীও ইসলামের দল নয়।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেবীগঞ্জের ১০ ইউনিয়ন ও পৌরসভার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি সবাই বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। এখন আর শুধু মিছিল-মিটিং নয়, সরাসরি মাঠে কাজ করতে হবে প্রার্থীকে বিজয়ী করার জন্য।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ