ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন উত্তর পাড়া গ্রামে ছোট ভাই আলাউদ্দিন শেখের (২৭) হাতে খুন হয়েছে বড় ভাই সালাউদ্দিন শেখ (৩০)।
শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন শেখ ওই গ্রামের জাহাজান শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা পর। সেখানে রাত সাড়ে বারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউর রহমান বলেন, যতোটুকু জানতে পেরেছি পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন বড় ভাই সালাউদ্দিনকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন