বিএনপির ৩১ দফা নিয়ে প্রচারণায় মাহবুবুর রহমান

আবু হানিফ সুনামগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৫২ পিএম
বিএনপির ৩১ দফা নিয়ে প্রচারণায় মাহবুবুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে পাড়া-মহল্লায় প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। 


তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নিজের নির্বাচনি এলাকায় নিয়মিতভাবে এই প্রচারণা শুরু করেছেন। 

প্রচারণাকালে মাহবুবুর রহমান বলেন, জনগণের আস্থা ও ভোট পেলে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেটি বাস্তবায়ন করতে পারলে দেশে সুশাসন, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনের পূর্ণ স্বাধীনতা, কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, নারী-তরুণদের ক্ষমতায়ন, গ্রাম-শহরের সমন্বিত উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চয়তা।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে আমি মাঠে নেমেছি। ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শিষে ভোট দিন।

জামালগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে মাহবুবুর রহমান প্রতিনিয়ত সাধারণ মানুষের হাতে বিএনপির ৩১ দফা লিফলেট তুলে দিচ্ছেন ও ধানের শিষের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনি গণসংযোগে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্মআহ্বায়ক আব্দুল মালেক, ২য় যুগ্মআহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য নূরে আলম ফরাজী, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্মআহবায়ক আবুল লেইছ, জহিরুল ইসলাম, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্মআহবায়ক এরশাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে থেকে প্রচারণা চালাচ্ছেন।

জেএইচআর