খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে।
এ ঘটনায় রোববার গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধী ছাড় পাবেন না। এই সময়ে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খাগড়াছড়িতে কয়েক দিন ধরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবরোধ, মিছিল ও সহিংসতা ঘটছে। গত শনিবার জুম্ম ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত হন এবং অনেকে আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা করছে। খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর ফলে এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন