বিএফইউজে অনুমোদন দিলো সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরকে

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৫:৪২ পিএম
বিএফইউজে অনুমোদন দিলো সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরকে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা দিনাজপুর অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিল। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)-এর অনুমোদিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সম্পাদক মাহবুবুল হক খান অর্থ সম্পাদক আব্দুস সালাম।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর পক্ষ থেকে বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে দিনাজপুরের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।

জেএইচআর