যানজটে আটকা পড়লেন উপদেষ্টা, গাড়ি ছেড়ে চড়লেন মোটরসাইকেলে

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:০৯ পিএম
যানজটে আটকা পড়লেন উপদেষ্টা, গাড়ি ছেড়ে চড়লেন মোটরসাইকেলে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র যানজটের কারণে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চড়ে সংস্কার কাজ পরিদর্শনে পৌঁছান।

মাত্র ১৫ মিনিটের দূরত্বের যাত্রা পথ তিনি যানজটের কারণে তিন ঘণ্টা আটকে থাকার পর মোটরসাইকেলে চড়ে শেষ করেন।

উপদেষ্টা ফাওজুল কবির বুধবার সকালেই ঢাকা থেকে রেলপথে কিশোরগঞ্জের ভৈরব জংশনে পৌঁছান। এরপর আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় গাড়ি চলাচলের সময় তীব্র যানজটের কবলে পড়েন। 

যানজটের কারণে তিনি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন এবং সরাইল বিশ্বরোড মোড়ে এসে গন্তব্যে পৌঁছান। উপদেষ্টার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন তার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। 

উপদেষ্টা সরাইল বিশ্বরোডে সাংবাদিকদের বলেন, “বৈশ্বিক পরিবর্তন ও ভারতের সঙ্গে চলমান ফোরলেন প্রকল্পের কাজ কিছুদিন বন্ধ থাকার কারণে মহাসড়কের এই অংশ তীব্র যানজটে পড়েছে। আমরা প্রায় ১৬৩ কোটি টাকা ব্যয়ে পুনরায় কাজ চালু করেছি। আশা করছি, আগামী জানুয়ারির মধ্যে এটি সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ সুফল ভোগ করবে।”

এ সময় উপদেষ্টা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সড়ক ও জনপথের কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে। তবে ধীরগতির কাজের কারণে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিন যাত্রী ও যানবাহন তীব্র যানজটে পড়ে এবং ওই অংশ পাড়ি দিতে সময় লাগে ৪–৬ ঘণ্টা।

ইএইচ