ডাসারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৮:৩৩ পিএম
ডাসারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে মানুষ পাচারের মূলহোতা মো. মুকুল হাওলাদার (৪২), তার সহযোগী অহিদ হাওলাদার (৩০) ও সোহেল মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ।

গ্রেপ্তার মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে, অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে।

বুধবার ভোর রাতে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিদের তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া হয়ে ইতালি, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরে মুন্নি বেগম নামে একজন ভূক্তভোগী বাদি হয়ে গ্রেপ্তারকৃত ওই আসামীসহ ১০ জনের নামে আদালতে মামলা দায়ের করেন।

ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম জানান, “আসামীদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।”

ইএইচ