সিলেট রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

সিলেট প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৫:২৫ পিএম
সিলেট রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে এই অভিযান শুরু করা হয়।

অভিযানকালে রেল স্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বিপুল সংখ্যক পুলিশও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সরে যাওয়ার জন্য।

নির্ধারিত ২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার সিলেট রেলস্টেশন পরিদর্শনে গিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছিলেন।

ইএইচ