বুকিংয়ের বৈধ কাগজপত্র দেখাতে অনীহা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৩৯ পিএম
বুকিংয়ের বৈধ কাগজপত্র দেখাতে অনীহা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের

উত্তরের চায়ের দেশ পঞ্চগড়ে এখন নিত্যদিনের চিত্র চা পাচার। কার্গো কিংবা পিকআপ ভ্যানে করে অবৈধ চা পরিবহনে ঝক্কিঝামেলা এড়াতে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের স্থানীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছেন চা কারখানার মালিকরা। এতে সরকার প্রতিমাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।

সম্প্রতি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দেবীগঞ্জ এজেন্সিতে বৈধ কাগজপত্র ছাড়াই চা বুকিং নেওয়ার ঘটনায় আবারও এই চিত্র সামনে এসেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে দেখা যায়, পপুলার টি ফ্যাক্টরি থেকে আনা প্রায় ১২ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি করে) চা বুকিং নেওয়া হয়েছে।

সত্যতা যাচাই করতে কুরিয়ার অফিসে গিয়ে কর্মচারী মামুনের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি বিষয়টিকে ‘গোপনীয়’ বলে এড়িয়ে যান। 

পরে এজেন্সির প্রতিনিধি মো. মিলনকে ফোনে জানালে তিনি “পরে ডেকে কাগজপত্র দেখাবেন” বলে জানান।

পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে বিষয়টি চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনকে জানানো হয়। তিনি ফোনে কুরিয়ার এজেন্সিকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেন।

তবে কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে এজেন্সি প্রতিনিধি মো. মিলন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমিও একসময় সাংবাদিকতা করতাম। হয়তো আপনার মতো বড় হতে পারিনি। এখন হালাল রুজির জন্য ব্যবসা করছি। অনেক সময় স্থানীয় কিছু বিষয় ‘অভারলুক’ করতে হয়।”

চা বুকিংয়ের বৈধ কাগজপত্র দেখাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “উপযুক্ত কর্তৃপক্ষকে কাগজপত্র দেখাবো।”

পঞ্চগড় চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বলেন, “এই বিষয়টি দেখভাল করবে কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগ। আপনি আমাকে জানিয়েছেন, আমি সুযোগ মতো বিষয়টি তাদের জানাবো। এরপরও আমরা খোঁজখবর নিয়ে তদন্ত করব।”

এ বিষয়ে জেলা প্রশাসক সাবেত আলী জানান, “চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে।”

নির্দেশনা জারি হলেও নজরদারি নেই উল্লেখ্য, গত ২৮ জুলাই আঞ্চলিক চা বোর্ড কুরিয়ারের মাধ্যমে চা পাচার রোধে বুকিংয়ের সময় ৫ ধরণের কাগজপত্র সংগ্রহ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে। এর মধ্যে রয়েছে চা বোর্ডের অনুমোদিত খুচরা, পাইকারি বা বিডার লাইসেন্সের ফটোকপি, ব্রোকার্স হাউজের ডেলিভারি অর্ডার, ওয়্যারহাউজের ভ্যাট চালান (মূসক ৬.৩), বিডার থেকে চা ক্রয়ের প্রমাণপত্র, ব্যবসায়িক প্যাডে গন্তব্য ও বিবরণসহ প্রেরণের বিস্তারিত তথ্য।

ইএইচ