বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি প্রতিবেশী দেশ সুকৌশলে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক পাচার করছে বাংলাদেশে।
বলেন, মাদকের ভয়াবহ ছোবলে দেশের যুব সমাজ ক্রমশ অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিনষ্ট হচ্ছে পারিবারিক ও সামাজিক সম্প্রীতি। বিএনপি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলেই একমাত্র মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার বিকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সীমান্তবর্তী রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আয়োজিত “মাদকের বিস্তার রোধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে” মানববন্ধনে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির জোয়ানদের সহযোগিতা কামনা করে, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান তিনি।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান পাঠান বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সভাপতি কলি আক্তার, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি রোকন পাঠান, সাধারণ সম্পাদক মো. তাজামুল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক বাবু রিপন দত্ত, রংছাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন, সদস্য সচিব মো. আল মামুন এবং বিএনপি নেতা মো. মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধনে ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, মাদকের বিস্তার রোধ, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার এবং মাদকসেবীদের সামাজিকভাবে বয়কটসহ আইনের আওতায় আনার উদাত্ত আহ্বান জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন