চরফ্যাশনের বেতুয়ায় প্রবহমান মেঘনা নদীর সঙ্গে নদী বন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুপুর ১২টায় তিনি মেঘনা নদী তীরবর্তী বেতুয়ায় ফিতা কেটে যাত্রীদের জন্য টার্মিনালটি খুলে দেন।
পরে টার্মিনালের ২য় তলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এক মতবিনিময় অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের দেশে বহু নদী রয়েছে, এই নদীগুলো আমাদের জন্য আশীর্বাদ, আমাদের ঐতিহ্যের বাহক। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভোলার প্রায় ১৭ লাখ মানুষ এই টার্মিনালের সুবিধা ভোগ করবে, এর সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আপনাদের।”
এ সময় বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বক্তব্য রাখেন।
এদিকে বিকালে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ এলাকায় তেতুলিয়া নদী তীরবর্তী গাছির খাল ঘাটে পন্টুন উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন