রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা নেওয়ার দাবিতে জেলা পরিষদ ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা পরিষদের মূল ফটকের গেট বন্ধ করে পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা জেলা পরিষদের অফিস ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ১৪ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
আন্দোলনকারীরা বলেন, পরীক্ষা নিয়ে জেলা পরিষদ থেকে নতুন তারিখ ঘোষণা না করা পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন না।
প্রসঙ্গত, ২০২২ সাল থেকে রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ আছে। ইতোমধ্যে ৫৮৯টি শূন্যপদ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ৬,৬৪৮ জন আবেদন করেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন