এটিএম আজহার

গণভোট নিয়ে টালবাহানা করবেন না

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৭:৩৪ পিএম
গণভোট নিয়ে টালবাহানা করবেন না

জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। আইনি ভিত্তি না থাকলে জাতীয় নির্বাচন অবৈধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, জুলাই সনদ যখন আইনি ভিত্তি পাবে, তখন জাতীয় নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে। নইলে সেটি অবৈধ নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারকে এ মাসের মধ্যে গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, “গণভোট নিয়ে টালবাহানা করবেন না।”

বুধবার বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ প্রমুখ।

এটিএম আজহার বলেন, সকল রাজনৈতিক দলের সম্মতিতে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, দেশের ইতিহাসে তা যুগান্তকারী ঘটনা। এটি বাস্তবায়িত হলে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং হারানো ভোটের অধিকার ফিরে পাবে। এতে আগের মতো দিনের ভোট রাতে হবে না, ব্যালট বাক্স ছিনতাই করার সুযোগও থাকবে না।

এ জন্য জুলাই সনদকে আইনে পরিণত করতে হবে। এর সফল বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে।

তিনি বলেন, আগামীতে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীকে দেয়, তবে শোষণহীন, বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখা হবে।

জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান, শ্রমিক নেতা ফারুক আহমেদ আজাদ, ছাত্রশিবিরের শহর সভাপতি ওমর ফারুক, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

এর আগে একই দিন সকালে তিনি দাগনভূঞা উপজেলার সিলোনিয়াতে জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের কবর জিয়ারত করেন। এরপর মকবুল আহমাদ ও তার ভাইবোনদের দান করা জায়গায় আঞ্জুবের নেছা ইসলামিক এডুকেশন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে দাগনভূঞা জিরোপয়েন্টে এক পথসভায় বক্তব্য রাখেন।

ইএইচ