ঢাকা-খুলনা মহাসড়কে সাড়ে পাঁচ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০১:১৮ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কে সাড়ে পাঁচ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু

ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক ও ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার বেলা সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক ও সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে ভোর ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকাসহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

যানবাহন চলাচলের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। বেলা সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক ও সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

প্রসঙ্গত, সকাল ছয়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়াসহ কয়েকটি এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা যায়।

ইএইচ