কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি প্রকাশ করে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ৬০-৭০ জন নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি মিঠামইন বাজার থেকে বের হয়ে কামালপুর গ্রামের দিকে অগ্রসর হলে উপজেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর শিকদারের নেতৃত্বে ২০-২৫ জন কর্মী হঠাৎ সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। হামলার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ছাড়া উপজেলা যুবলীগ নেতা মো. পাভেল হোসেনের বাড়িতেও ঢিল ছোড়া হয়েছে। তবে সেখানে কোনো ভাঙচুর বা হতাহতের ঘটনা ঘটেনি।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএনপির আনন্দ মিছিলের পরে এই হামলার ঘটনা ঘটে। বসতঘরের কিছু আসবাবপত্র, দরজা-জানালা এবং কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন