ঢাকার নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের দীঘিরপাড় এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ বছর বয়সী মোটরসাইকেল আরোহী মো. মোহিন।
বুধবার সকালে দীঘিরপাড় কল্যাণ পরিষদের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেট কারের সাথে মোহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মোহিন ছিটকে সড়কের ওপর পড়েন।
দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ উপজেলার সরকারি হাসপাতালে নিয়ে গেলেও আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহিন নবাবগঞ্জ উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা এবং তার বাড়ি স্থানীয় কবরস্থানের ঠিক সামনে। তার পিতা মো. টিটু একজন প্রবাসী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে থাকায়, কিশোর মোহিনের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনায় দীঘিরপাড় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে চাপা উত্তেজনা ও বিষাদের আবহ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের পরিবারের অনুরোধে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ওসি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে বেপরোয়া গতির কারণে এই সংঘর্ষ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন